নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের কৃতি সন্তান জামায়াতের প্রয়াত নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমাদ বিন কাসেম ব্যারিস্টার আরমান ঢাকা-১৪ আসনে জয়ী হয়েছেন। হাসিনা সরকারের আমলে আয়না ঘরে নির্যাতনের শিকার হন ব্যারিস্টার আরমান।
মীর আহমদ বিন কাসেম বা ব্যারিস্টার আরমান আইনজীবী ও মানবাধিকার কর্মী। তিনি হাসিনা সরকারের আমলে বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর তথা ডিজিএফআই-এর হাতে বলপূর্বক গুমের শিকার হয়ে আয়নাঘরে দীর্ঘদিন বন্দী ছিলেন। মীর আহমেদ বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশিষ্ট নেতা মীর কাসেম আলীর ছেলে এবং অপহরণের পূর্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে তার বাবার আইনজীবী দলের সদস্য ছিলেন। হাসিনা সরকারের পালায়নের পর ছাত্র-জনতা আয়না ঘর ভেঙ্গে গত ৬ আগষ্ট ২০২৪ মীর আহমদ কে মুক্ত করলে সে পরিবারের কাছে ফিরে আসেন। তার বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মীর আহমাদ বিন কাসেম ঢাকা-১৪ আসনে মোট ১ লাখ ১ হাজার ১১৩ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির সানজিদা ইসলাম পেয়েছেন ৮৩ হাজার ৩২৩ ভোট।
গত শুক্রবার ভোর চারটায় ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।
শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, ঢাকা-১৪ আসনে পোস্টাল ভোটসহ ১৭৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। সব মিলিয়ে এই আসনে মীর আহমাদ বিন কাসেম ১৭ হাজার ৭৯০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭ থেকে ১২ পর্যন্ত ওয়ার্ড ও সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন নিয়ে ঢাকা-১৪ আসন গঠিত। এ আসনে ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৪৪ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ১০ হাজার ৩১২টি। বাতিল হয় ৩ হাজার ৩৫৬টি। বৈধ ভোট হয় ২ লাখ ৬ হাজার ৯৫৬টি।
ঢাকা-১৪ আসনে মোট ১২ জন প্রার্থী ছিলেন। অন্যান্য প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক ফুটবল প্রতীকে ১৬ হাজার ৩২৮ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবু ইউসুফ হাতপাখা প্রতীকে ৩ হাজার ৭৬০ ভোট পেয়েছেন।
Reporter Name 












