নিজস্ব প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে একজন নিহত হয়েছেন।
আজ রবিবার (১৯ জুলাই) সকাল ৮টার দিকে শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এদুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। নিহত দেলোয়ার হোসেন (৫০) মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের বাসিন্দা।
হাইওয়ে পুলিশ জানায়,সকালে সেলফি পরিবহনের বাসটি প্রায় ৫০/৬০ জন যাত্রী নিয়ে পাটুরিয়া থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল| বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসটির ব্রেক বিকল হয়ে পড়ে। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের দুই সেতুর মাঝখানের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী দেলোয়ার হোসেন নিহত হন। এঘটনায় অন্তত আরও ১৫ যাত্রী আহত হয়েছেন।
খবর পেয়ে শিবালয় থানা পুলিশ, বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও শিবালয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দুর্ঘটনার পর বাসচালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Reporter Name 















