নিজস্ব প্রতিবেদক : বিমানবন্দরগুলোর সার্বিক মানোন্নয়ন করে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করাও সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, যাত্রীসেবা, নিরাপত্তা এবং ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আনা হবে।
আজ সোমবার ( ২৩ ফেব্রুয়ারী) সকালে মানিকগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মহরম আলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
হজ মৌসুম সামনে রেখে যাত্রীসেবায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ার দেন মন্ত্রী। তিনি বলেন, হজযাত্রীদের যেন সামান্য অসুবিধাও না হয়। এ বিষয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বিমানের টিকিট নিয়ে গড়ে ওঠা অসাধু চক্রের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
বিমানমন্ত্রী আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর অল্প সময় পেলেও কাজ শুরু হয়ে গেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর বিষয়টি অগ্রাধিকার তালিকায় রয়েছে। এতে যাত্রীসেবা আরও সহজ ও গতিশীল হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানেরও এ বিষয়ে বিশেষ আগ্রহ আছে বলে উল্লেখ করেন তিনি।
আফরোজা খানম বলেন, পবিত্র হজ পালন নির্বিঘ্ন করতে প্রস্তুতির প্রতিটি ধাপ নিবিড়ভাবে তদারকি করা হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রবাসীদের যাতায়াতে স্বস্তি ফেরাতে বিমানবন্দরে সেবার মান বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। যাত্রীরা যেন দেশে নেমেই ইতিবাচক পরিবর্তন অনুভব করেন সে লক্ষ্যেই কাজ এগোচ্ছে।
মানিকগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য মন্ত্রী হওয়ার পর প্রথমবারের নিজ এলাকায় এসে উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, নদী শাসন, নদীকেন্দ্রিক পর্যটন সম্ভাবনা কাজে লাগানো এবং সাটুরিয়ার ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার বাড়িসহ প্রতœস্থানের উন্নয়ন পরিকল্পনায় রয়েছে।
এ সময় তিনি তাঁর বাবা সাবেক মন্ত্রী হারুনুর রশিদ খান মুন্নুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
মন্ত্রী মানিকগঞ্জের প্রেক্ষাপট নিয়ে নির্বাচনের আগে তিনি যে সব বিষয় নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ধাপে ধাপে বাস্তবায়নের অঙ্গিকার পুনব্যক্ত করেন। তিনি এ সময় উল্লেখ্য করেন, তার প্রয়াত বাবা সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নু মানিকগঞ্জের উন্নয়ন নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের কথা বলেন। পরে তিনি সার্কিট হাউজে জেলা সিনিয়র আইনজীবীদের সাথেও মত বিনিময় করেন।
এরপর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। এ সময় চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। মানিকগঞ্জের যে সব খাতে উন্নয়ন ও নানান ধরনের সমস্যা রয়েছে সেগুলো চিহ্নিত করে একটি জনবান্ধব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানান। যে সব খাতে সেবাগ্রহীতা আসেন তাঁরা যেন হয়রানী ছাড়া তাঁদের নাগরিক সেবা পেতে পারেন, তা সরকারি সকল কর্মকর্তাদের নির্দেশ দেন।
পরে মন্ত্রী আফরোজা খানম প্রয়াত বাবা হারুণার রশিদ মুন্নু এবং দলের প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করেন। এরপর বিকালে জেলা ও উপজেলাসহ বিভিন্ন স্তরের দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
Reporter Name 
















